গাজীপুরে এক প্রবাসীর স্ত্রীকে (২৩) মোবাইল ফোন উপহার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ধর্ষণের ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাদল মোড়লের ছেলে মহফুজুল হক (২০), এহসান মোড়লের ছেলে মাহবুবুল হোসেন শাকিব (২২), মোস্তফা বেপারীর ছেলে রোমন বেপারী (২০), মৃত ছফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), শামসুল হকের ছেলে রাকিব হোসেন (২০), মহসীনের ছেলে জোবায়ের (২১), মফিজ উদ্দিন সর্দারের ছেলে মোস্তারীন সর্দার (২১)। প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত পলাতক রয়েছে। আটক ব্যক্তিরা সবাই কাপাসিয়ার তরগাঁও এলাকার বাসিন্দা।ভিকটিমের স্বামীর বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। তিনি এক সন্তানের জননী ও তার স্বামী প্রবাসী। ধর্ষণের শিকার নারী ওইদিনই নরসিংদী থেকে তার বাবার বাড়ি কাপাসিয়ায় আসেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসাইন বলেন, ওই নারীর স্বামী বিদেশে কর্মরত। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দু-তিন মাস ধরে কাপাসিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক হয়। নিয়মিতই মুঠোফোনে কথা হতো তাদের। সন্ধ্যায় মোবাইল ফোন উপহার দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নেন সাখাওয়াত হোসেন। তাকে গ্রামের একটি নির্জন টেকে (বিলের মাঝের উঁচু জায়গা) নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সাখাওয়াতের বন্ধু মাসুম শেখ দেখে ফেলেন। তিনি আরো সাত-আটজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। এ সময় ধর্ষণের শিকার নারী দৌঁড়ে পালাতে চেষ্টা করছিলেন। কিন্তু তারা তাকে জোর করে ধরে টেকে নিয়ে আবার একাধিকবার ধর্ষণ করেন।
সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটে। এরপর সেখানে ওই নারীকে আটকে রেখে তার মাকে ফোন দেন নির্যাতনকারীরা। তার মাকে দ্রুত ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়। পরে ভুক্তভোগী নারীর মা বিকাশ নম্বর নিয়ে কাপাসিয়া থানায় এসে ঘটনা জানান।
পুলিশ পরিদর্শক আফজাল হোসাইন বলেন, বিকাশ নম্বরের সূত্র ধরে ওই নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সাহাবুলকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই উপজেলার বিভিন্ন জায়গায় থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, গ্রেপ্তার প্রত্যেককেই ভুক্তভোগী নারী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ছয়জনও প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।